স্মার্টফোন কিনতে বিনাসুদে ঋণ পাবে সরকারি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছ্বল শিক্ষার্থীরা

৪ নভেম্বর, ২০২০ ১৯:৪৬  
আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে বিনা সুদে সর্বোচ্চ আট হাজার টাকা ঋণ দেবে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন ওই ঋণের টাকা তারা পরিশোধ করতে পারবেন। এই সুবিধা পাবে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ৮ হাজার ৫৫৬ জন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বনিম্ন ১৯৭ জন শিক্ষার্থী। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহের সভাপতিত্বে বুধবার এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গঠিত ‘সফটলোন অনুমোদন কমিট’র সুপারিশের আলোকে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে ওই ঋণের টাকা দেওয়া হবে। ঋণ দিতে বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে। এদিকে অনলাইন ক্লাসে অংশ নিতে সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বল্পমূ্ল্যে ইন্টারনেট ডেটা প্যাকেজ দেওয়ারও উদ্যোগ নিয়েছে ইউজিসি। সেই লক্ষ্যে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তিও হয়েছে।